
শান্তিপূর্ণ আন্দোলনকে পুলিশ বাধা না দিলেও, আইনসম্মত বিধিনিষেধ কার্যকর করবে না, তা নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ উদ্ধৃত করে আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে নবান্ন অভিযান নিয়ে এমনই মন্তব্য করেছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।
তিনি আরও বলেছেন, যাঁরা নবান্নে অভিযানের ডাক দিয়েছেন, তাঁদের একজন ছাত্রনেতা রবিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন। বিষয়টি পুলিশ আদালতের সামনে আনবে। এই বিষয়ে পুলিশ সব তথ্য সংগ্রহ করেছে। কী উদ্দেশে এই বৈঠক, তা পুলিশ জানার চেষ্টা করছে।তিনি বলেছেন, নবান্ন ১৬৩ বিএসএস বা ১৪৪ ধারার মধ্যে পড়ে। ফলে নবান্ন বা তার সংলগ্ন এলাকায় ৫ জনের বেশি জমায়েত করা বেআইনি। সুপ্রতিম সরকারের কথায়, এই অভিযান বেআইনি। হাওড়া পুলিশের পক্ষ থেকে সংগঠকদের চিঠি দিয়ে বলা হয়েছিল, কতজন আসবে, কত গাড়ি আসবে সব কিছু জানাতে। এটা জানানো আইনের মধ্যে পড়ে।








