
জয়নগরে গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের সদস্যকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে গড়দেওয়ানি পঞ্চায়েতের তৃণমূল সদস্য তপন মণ্ডল মোড়ে বসে ভোটার স্লিপ গোছানোর কাজ করার সময় আচমকাই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু, সেই গুলি লাগেনি তপনের গায়ে। গুলির শব্দ পেয়েই প্রাণ বাঁচাতে একটি দোকানে লুকিয়ে পড়েন তিনি। কিন্তু, ধাওয়া করে দুষ্কৃতীরা। দোকানে ঢুকতে দেখে সেখানেও বোমা মারা হয়। তাতেই আহত হন ওই তৃণমূল নেতা।এদিকে গুলি-বোমার শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এরইমধ্যে অন্ধকারে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় তপনকে উদ্ধার করে জয়নগর ২ নম্বর ব্লকের নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে নদিয়ার কল্যাণীতে চলল গুলি। গুলিবিদ্ধ অজয় মাহাতো নামে বছর তিরিশের যুবক। তাঁর বাড়ি কল্যাণী থানা এলাকার চরজাজিরা গ্রামে। মঙ্গলবার রাত সাড়ে ৯টা স্কুটারে চেপে যাচ্ছিলেন দুই যুবক। অভিযোগ, কল্যাণী সীমান্ত এলাকায় পিছন থেকে স্কুটার লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি অজয়ের পিঠে লেগে, স্কুটার চালকের বুকের বাঁ দিক ঘেঁষে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ যুবক কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন।








