জাল শংসাপত্র, গ্রেফতার ইউনানি কাউন্সিলের রেজিস্ট্রার

0
171
টাকার বিনিময়ে জাল শংসাপত্র প্রদানের অভিযোগে ভুয়ো ইউনানি চিকিৎসক চক্রের মূলচক্রী’কে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ। ধৃতের নাম ইমতিয়াজ হুসেন।
জানা গিয়েছে, রবিবার রাতে তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। পরে কড়েয়া থানা এলাকার চামড়ু খানসামা লেনের এক বাড়ি থেকে ভোরে গ্রেফতার করা হয় তাঁকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইউনানি স্টেট কাউন্সিলের পিওন হিসাবে কাজ শুরু করেছিলেন ইমতিয়াজ। কিন্তু পরবর্তী কালে তিনিই ২০১১ সালে কাউন্সিলের রেজিস্ট্রার হন।তখন থেকেই তিনি টাকার বিনিময়ে জাল বিইউএমএস শংসাপত্র বিক্রি করতেন বলে অভিযোগ। এই শংসাপত্রের বলে কোনও ব্যক্তি ডাক্তারি হিসাবে রেজিস্টার হওয়ার আগে চিকিৎসা করতে পারেন। অভিযোগ, রাজ্যের বাইরের অনেককেও তিনি ওই শংসাপত্র দিয়েছেন। ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়। শুনানিতে প্রধান বিচারপতি স্বাস্থ্য দফতরকে ইমতিয়াজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তবে হাইকোর্টের নির্দেশের পর পুলিশ তদন্তে নেমে আগেও ইমতিয়াজকে গ্রেফতার করেছিল।
কিন্তু কিছু দিনের মধ্যেই জামিনে ছাড়া পেয়ে যান তিনি। জামিনে মুক্ত থাকার সময়েই আবার গ্রেফতার হন ইমতিয়াজ।
ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক