
লোকসভা নির্বাচনের ছ’মাসের মধ্যে ঝাড়খণ্ডের মহাযুদ্ধে বিজেপি এগিয়ে থাকলেও গড়তে পারে ত্রিশঙ্কু সরকার।এমনটাই বলছে একাধিক বুথ ফেরত সমীক্ষা।
৮১ আসনের ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪২ আসন।অ্যাক্সিস মাই ইন্ডিয়া-র সমীক্ষা বলছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ১৭-২৭, ইন্ডিয়া জোট ৪৯-৫৯ এবং অন্যেরা ১-৬টি বিধানসভা আসনে জিততে পারে ঝাড়খণ্ডে।
অন্যদিকে ম্যাট্রিজেরর বুথফেরত সমীক্ষার পূর্বাভাস, ঝাড়খণ্ডে এনডিএ ৪২-৪৭, ইন্ডিয়া জোট ২৫-৩০ এবং অন্যেরা ১-৪টি আসনে জিততে পারে। চাণক্যের ইঙ্গিত, এনডিএ ৪৫-৫০, ইন্ডিয়া জোট ৩৫-৩৮ এবং অন্যদের দখলে ৩-৫টি আসন যাওয়ার সম্ভাবনা। যদিও পি-মার্কের পূর্বাভাস, বিজেপি জোট ৩১-৪০, ইন্ডিয়া জোট ৩৭-৪৭ এবং অন্যেরা ১-৬টি আসন জিততে পারে ঝাড়খণ্ডে। নরেন্দ্র মোদী তৃতীয়বার দেশের ক্ষমতায় আসার পরে অবশ্য ইতিমধ্যেই বিধানসভা ভোট হয়েছে হরিয়ানা এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে। হরিয়ানায় সমস্ত নজির ভেঙে জয়ের হ্যাটট্রিক করেছে বিজেপি। জম্মু ও কাশ্মীরে ক্ষমতায় আসতে না পারলেও এক দশক আগের তুলনায় আসন বেড়েছে বিজেপির। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ড নির্বাচন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর কাছে যেমন চ্যালেঞ্জ, তেমনই বিরোধী জোট ইন্ডিয়া’র বৃহত্তম দল কংগ্রেসের লড়াই পর পর হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর। যার ফল জানা যাবে শনিবার।








