
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরাধী, নির্বাচনে লড়ার নৈতিক অধিকার নেই। মুখোমুখি বিতর্কে এভাবেই নিশানা করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
চার বছর পর আবার মুখোমুখি হয়েছেন তাঁরা।কিন্তু এক সঙ্গে বিতর্কমঞ্চে উঠলেও প্রথা অনুসারে করমর্দন করেননি জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প।ডিবেটে জো বাইডেনের জমানায় আমেরিকার অর্থনৈতিক হাল, গর্ভপাতের অধিকার, কর, স্বাস্থ্য পরিষেবা এমনকি, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের মতো প্রসঙ্গ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তায় অবহেলা, আমেরিকার নাগরিকদের স্বার্থরক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলেছেন। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের জমানার কোভিডনীতি, ক্যাপিটল হিংসা এবং ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা নিয়ে কড়া আক্রমণ করেছেন জো বাইডেন। যৌন নিপীড়নের দায়ে ডোনাল্ড ট্রাম্পকে যে আদালত জরিমানা করেছে, সে কথাও তোলেন তিনি।তাৎপর্যপূর্ণ ভাবে বিতর্কের সঞ্চালক ডানা বাশ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ভ্লাদিমির পুতিনের দেওয়া শর্ত ইউক্রেন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্য হতে পারবে না সম্পর্কে প্রশ্ন তুললে প্রথমবার ডোনাল্ড ট্রাম্প তার উত্তর এড়িয়ে যান। দ্বিতীয়বার একই প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ভ্লাদিমির পুতিনের শর্তে তাঁর সায় নেই।
