
অসমে তিনি ট্রায়াল দিতে এসেছেন। ফাইনাল খেলা এখনও বাকি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্রেলারের পাল্টা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলচর কেন্দ্রে তৃণমূলের টিকিটে এবার ভোটে দাঁড়িয়েছেন রাধেশ্যাম বিশ্বাস। তাঁর সমর্থনে ভোট চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, তৃণমূল কংগ্রেস এবার অসমে চারটি আসনে লড়ছে। এটা তো সবে ট্রায়াল দেখছেন। ট্রায়াল দিতে এসেছেন তিনি। ফাইনাল খেলা এখনও বাকি। তিনি আবার আসবেন। অসমবাসী যদি তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস এবং অন্যান্যদের জেতান, তাহলে তিনি কথা দিচ্ছেন বিধানসভায় সব আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, এনআরসিতে অসমে যখন লক্ষ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছিল, তিনি তাদের পাশে ছিলেন। তিনি কলকাতায় রোজ মিছিল করতেন। বিজেপির অত্যাচারের কাহিনি তিনি জানেন। তৃণমূল কংগ্রেস জিতলে এনআরসি হবে না, সিএএ হবে না, অভিন্ন দেওয়ানি বিধি হবে না। তাঁরা সব তুলে দেবেন। অসমে যাদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত হয়ে আছে, তিনি তাদের ভবিষ্যৎ গড়ে দেবেন।
