
ট্রেনের চাকার ফাঁকে ২৯০ কিলোমিটার ভ্রমণ। এক মত্ত তরুণের এহেন কাণ্ডে হইচই পড়ে গিয়েছে মধ্যপ্রদেশে। ঘটনাটি ঘটেছে দানাপুর এক্সপ্রেসে।
জানা গিয়েছে, ওই তরুণ মধ্যপ্রদেশের ইটারসী থেকে ট্রেনে চড়েছিলেন। তবে ট্রেনের কামরায় নয়, কামরার নীচে চাকার কাছে ঝুলে জবলপুর পর্যন্ত সফর করেন তিনি। ২৯০ কিলোমিটার সফরের পর তাঁকে জবলপুর থেকেই আটক করা হয়। সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিওটির সত্যতা যাচাই করেনি এস নিউজ। সূত্রের খবর, রেলকর্মীরা জবলপুরে দানাপুর এক্সপ্রেসের কামরাগুলির আন্ডার-গিয়ার পরীক্ষা করছিলেন। তখন তাঁরা দেখেন এস৪ কামরার নীচে এক তরুণ লুকিয়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে বাইরে বেরোতে বলা হয়। জিজ্ঞাসাবাদের সময় দেখা যায়, তিনি মত্ত অবস্থায় রয়েছেন।
ইটারসী থেকে ট্রেনে ওঠার কথাও স্বীকার করেন তিনি। এরপরেই ওই তরুণকে রেলপুলিশের হাতে তুলে দেওয়া হয়। রেল সুরক্ষা বাহিনী ইতিমধ্যেই ওই তরুণের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
