ডাক্তার হেনস্থায় অভিযুক্ত পুলিশ, পাল্টাও 

0
668
শিলিগুড়ি পুরসভার এক চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশের পাল্টা দাবি, কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মীর গায়ে হাত দিয়েছেন হীরকব্রত সরকার নামে ওই চিকিৎসক।
এই অভিযোগকে কেন্দ্র করে টানাপড়েন চলেছে পুলিশ এবং পুর প্রশাসনের মধ্যে। জানা গিয়েছে, কার্নিভালের কারণে হিলকার্ট রোডের সফদর হাসমি চক থেকে মহানন্দার লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট পর্যন্ত আঁটসাঁট সুরক্ষাবলয় তৈরি করেছিল পুলিশ। পুলিশের অভিযোগ, ওই চিকিৎসক লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট থেকে কার্নিভালের মূল মঞ্চের দিকে প্রবেশ করার চেষ্টা করছিলেন কোনও পরিচয়পত্র ছাড়া। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উইনার্স বাহিনী ব্যারিকে়ডের বাইরে তাঁকে আটকে দিলে তাঁর সঙ্গে কর্তব্যরত মহিলা পুলিশকর্মীদের বচসা বাধে। সেই সময়েই এক মহিলা পুলিশকর্মীর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে হীরকব্রতের বিরুদ্ধে। এর পরেই ওই চিকিৎসককে আটক করে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়। একটি অভিযোগও দায়ের হয়। যদিও তাঁকে পিআর বন্ডে ছেড়ে দেওয়া হয় পরে।এর পর মঙ্গলবার শিলিগুড়ি পুরসভার কমিশনার শেরিং ওয়াই ভুটিয়ার কাছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন হীরকব্রত। অভিযোগে তিনি জানান, কার্নিভালের দিন তিনি মহাত্মা গান্ধী মোড়ে ডিউটিতে ছিলেন। কিছু পুলিশকর্মী গিয়ে তাঁকে জনসাধারণের সামনেই হেনস্থা করেন। তাঁকে শারীরিক ভাবেও নিগ্রহ করা হয়। কেড়ে নেওয়া হয় তাঁর ফোন। হীরকব্রত অবশ্য এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি।
তিনি বলেন, এটা অভ্যন্তরীণ বিষয়। সমাধান হয়ে গিয়েছে।
ছবি  সৌজন্যে : নিজস্ব