
ডিআরডিও-র ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে বিতর্কের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় জারি হয়েছে নিষেধাজ্ঞা। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত, টানা ৩ দিন দুই জেলার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য মৎস্য দফতর।
এই তিন দিন প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিআরডিও-র তরফে পূর্ব মেদিনীপুরের জুনপুটে আকাশপথে ক্ষেপণাস্ত্র মহড়া হওয়ার কথা। দুর্ঘটনার আশঙ্কায় এ রাজ্যের মৎস্যজীবীদের ওড়িশা উপকূলেও মাছ ধরতে যেতে নিষেধ করেছে রাজ্য সরকার। এই ক্ষেপণাস্ত্র মহড়ার জন্য ফের ২৪-২৬ জুলাই বন্ধ থাকবে সমুদ্রে মাছ ধরা। ইলিশ ধরার ভরা মরশুমে এই নিষেধাজ্ঞায় মৎস্যজীবীরা আর্থিক লোকসানের মুখে পড়বেন বলে মনে করছে মৎস্যজীবী সংগঠন।
