ডিভিসি-র বোর্ড-কমিটি থেকে পদত্যাগ রাজ্যের ২ প্রতিনিধির

0
162
ডিভিসি থেকে প্রতিনিধি তুলে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।অনিয়ন্ত্ৰত ভাবে জল ছাড়ার প্রতিবাদ জানিয়ে ডিভিসি-র বোর্ড থেকে পদত্যাগ করেছেন রাজ্যের প্রতিনিধি বিদ্যুৎ সচিব শান্তনু বসু।
একই সঙ্গে ডিভিসির কমিটি থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রতিনিধি তথা সেচ দফতরের প্রধান ইঞ্জিনিয়ার।ঘটনাচক্রে, বিদ্যুৎ দফতরের সচিব হওয়ার পাশাপাশি শান্তনু বসু তথ্য-সংস্কৃতি দফতরেরও সচিব। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি-র সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করার হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপরেই রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে ডিভিসির কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহার করে নেওয়ার কথা জনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের পাল্টা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী দাবি করেছেন, দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি-র মাধ্যমে মাইথন এবং পাঞ্চেত বাঁধ পরিচালিত হয়, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও রয়েছেন। কিন্তু তিনি তা মানেন না। কেন্দ্রীয় জল কমিশন এবং জল শক্তি মন্ত্রকই এক্ষেত্রে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিয়ে থাকে। কখনও কখনও রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হয়। রাজ্যের অনুরোধও শোনা হয় না। শুধু তাই নয়, এবার মাত্র সাড়ে তিন ঘণ্টার নোটিসে ডিভিসি জল ছেড়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের জন্য ওই সময় পর্যাপ্ত ছিল না।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আড়াই লাখ কিউসেক জল ছাড়ার প্রয়োজন ছিল না। তা না হলে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি এত ভয়াবহ আকার ধারণ করত না। তাই তাঁর মনে হয়, কেন্দ্রীয় মন্ত্রী যে বলেছেন বন্যা নিয়ন্ত্রণের জন্য সবরকম চেষ্টা করা হয়েছিল, তা পুরোপুরি সঠিক নয়। জলাধার নিয়ন্ত্রণকারীরা ঠিক মতো কাজ করতে পারেননি। তাছাড়া, মাইথন এবং পাঞ্চেতে সংস্কারের কাজ চলছে বলে তিনি শুনেছেন। সেগুলিও শেষ হয়নি। তিনি ডিভিসির কমিটি থেকে প্রতিনিধি তুলে নিচ্ছেন।