
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে যোগ দিতে গিয়ে টিএমসিপি-র বিক্ষোভে মুখে পড়েছেন রাজ্যপাল মনোনীত উপাচার্য এবং রেজিস্ট্রার।
তৃণমূলের বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যেতে বাধ্য হন উপাচার্য গৌতম চন্দ্র। বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ের নিজের ঘরেও ঢুকতে পারেননি তিনি। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন রেজিস্ট্রার সুজিত চৌধুরি। তাঁকেও গাড়ি বারান্দাতে আটকে দেওয়া হয়। একটি ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা এবং তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠন। বিক্ষোভের মুখে রেজিস্ট্রারও ফিরে যেতে বাধ্য হন। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের মেন গেটে তালা লাগিয়ে দেওয়ায় ফিরে যান উপাচার্য গৌতম চন্দ্রও। ওয়েবকুপার বক্তব্য অন্তর্বর্তী উপাচার্য এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকতে পারেন না। সেই কারণেই বাধা দেওয়া হয়েছে।








