
মঙ্গলবার গভীর রাতে বিজেপি নেতার বাইক আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাশীপুর-বেলগাছিয়ায়। টালা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
ওই লোকসভার বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্ট তথা স্থানীয় বিজেপি নেতা তারক দাসের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর বাইক পুড়িয়ে দিয়েছে। পুড়ে গিয়েছে পাশে রাখা তারকের ভাইয়ের বাইকটিও। জানা গিয়েছে, প্রতি রাতেই এই রাস্তায় পার্ক করা থাকে একাধিক বাইক। বুধবার রাতে সেখানেই পার্ক করা ছিল তারকের বাইকটিও। পাশে ছিল ভাইয়ের বাইকটি। অভিযোগ, রাত আড়াইটে নাগাদ আগুন ধরে যায় তারক এবং তাঁর ভাইয়ের বাইকে। এরপরই যাঁদের বাইক তাঁরা গিয়ে দেখেন বাইকগুলি অর্ধেক জ্বলে গিয়েছে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
