
বিমান-স্কুলের পর এবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির সংলগ্ন হোটেলগুলিতে বোমাতঙ্কে হুলস্থুল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, তিরুপতি মন্দির সংলগ্ন তিনটি হোটেলে হুমকি মেল আসে।
সেই ইমেলে জানানো হয়, হোটেলে বিস্ফোরক রেখেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। সেগুলি সক্রিয় করে হোটেল উড়িয়ে দেওয়া হবে।
হোটেল খালি করুন। হোটেল কর্তৃপক্ষগুলির কাছে এই বার্তা আসতেই শোরগোল পড়ে যায়। বিশেষ করে একের পর এক বিমানে বোমাতঙ্কের আবহে, হোটেলগুলিতে বোমা মারার হুমকি আসায় কোনও ঝুঁকি নিতে চাননি হোটেল কর্তৃপক্ষেরা।পুখবর পেয়েই পুলিশ এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে। তিরুপতি মন্দির সংলগ্ন ওই হোটেলগুলি খালি করিয়ে তল্লাশি চালানো হয়। কিন্তু সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। তবে কোথা থেকে এই হুমকিবার্তা এসেছিল, ইমেল পরীক্ষা করে আইপি অ্যাড্রেস চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রসঙ্গত, এক সপ্তাহেরও বেশি সময় ধরে শতাধিক অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমানে হুমকিবার্তা দেওয়া হয়েছে।
ছবি সৌজন্যে : এক্স
