
পঞ্চায়েত সমিতির দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার হুগলির খানাকুল। পঞ্চায়েত সমিতির মহিলা সভানেত্রীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
দুই পক্ষের হাতাহাতিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। জমায়েত হঠাতে লাঠি উচিয়ে তাড়া করে পুলিশ। জানা গিয়েছে খানাকুল ১ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করার পর থেকেই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক ওরফে রাঙা গোষ্ঠীর সঙ্গে খানাকুল ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দীপেন মাইতি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বাধে। এই সময় দীপেন অনুগামীরা কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত সমিতির সদস্য পদত্যাগের ইচ্ছেপ্রকাশ করে। পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির কাছে পদত্যাগপত্র জমাও দেন। এর জেরে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি টিকে রাখতে মরিয়া হয়ে ওঠে নইমুল হক ওরফে রাঙা। বিষয়টি নিয়ে সোমবার খানাকুল ১ পঞ্চায়েত সমিতিতে মিটিং ছিল। সেখানেই দুই পক্ষ বিবাদে জড়ায়। বৈঠক চলাকালীন পঞ্চায়েত সমিতির সভানেত্রী শম্পা মাইতির মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তখন বাইরে দুই পক্ষই কয়েকশো লোক জমায়েত করে। বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। এরপরেই পুলিশ গিয়ে লাঠি উঁচিয়ে তাড়া করে জমায়েত ফাকা করে।
