
এবার তৃণমূলের বিএলএ-কে মারধরের অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। তৃণমূলের বিএলএ পবিত্র সাউ এবং তাঁর সহযোগী দেবব্রত মাইতিকে ভগবানপুর পার্টি অফিসে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। জখম অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। অভিযোগ ভগবানগোলার বৃহস্পতিবার সকালে তৃণমূল অফিসে ঢুকে ৩৮ নম্বর জলিবাড় বুথের তৃণমূলের বিএলএ পবিত্র কুমার সাউকে মারধর করেন বিজেপির কর্মীরা। বাধা দিতে গেলে আক্রান্ত হন তাঁর সহযোগী দেবব্রত মাইতি। যদিও বিজেপির তরফে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিকে এসআইআর-র কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন হুগলির কোন্নগরের বিএলও তপতী বিশ্বাস। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়েছেন তপতী বিশ্বাসের সেলিব্রাল অ্যাটাক হয়েছে। এরপরেই তাঁকে বিএলও-র কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার শ্রীরামপুরের মহকুমাশাসক শম্ভুদীপ সরকার তাঁকে দেখতে যান। তিনি সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। কোন্নগরের নবগ্রামের অগ্নওয়াড়ি কর্মী তপতী ১৯ নম্বর ওয়ার্ডে বিএলওর দায়িত্বে ছিলেন।








