
তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কা বিজেপি বিধায়ককে। মূল্যবৃদ্ধি নিয়ে বিক্ষোভের মধ্যে উত্তপ্ত বিধানসভা চত্বর।
ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের অভিযোগ জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি তাঁকে ধাক্কা মারে। এরপরেই গাড়ি দাঁড় করিয়ে বেশকিছুক্ষণ বিক্ষোভ দেখান শিখা চট্টোপাধ্যায়। তার সঙ্গে সামিল হন বিজেপি বিধায়করা। বিধায়ক অশোক কীর্তনিয়াও দাবি করেন তৃণমূল বিধায়কের গাড়িতে ধাক্কা লেগেছে শিখা চট্টোপাধ্যায়ের। পরে বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মূল্যবৃদ্ধির প্রতিবাদ বিক্ষোভ দেখিয়ে বিজেপির বেশিরভাগ বিধায়ক ফিরে গেলেও কয়েকজন বিধায়ক বিধানসভা গেটের কাছে দাঁড়িয়েছিলেন। সেই সময় জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি শিখা চট্টোপাধ্যায়কে ধাক্কা মারে বলে অভিযোগ। শিখার আরও অভিযোগ গাড়ি বিধানসভায় ঢোকার সময় কোনও হর্ন দেয়নি। অন্যদিকে বিশ্বনাথের দাবি ইচ্ছে করে কিছু করা হয়নি, ধাক্কা লেগে যেতে পারে। কিন্তু গেটের সামনে কেন বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্বনাথ।








