গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National তেলেঙ্গানার স্কুলে ব্রেকফাস্ট, কলেজে মিড ডে মিল

    তেলেঙ্গানার স্কুলে ব্রেকফাস্ট, কলেজে মিড ডে মিল

    0
    32
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    তেলেঙ্গানায় প্রাথমিক স্কুলে ক্লাস শুরুর আগে শিশুদের ব্রেকফাস্ট বা সকালের খাবার পরিবেশন করা হবে। এছাড়া কলেজের একটি স্তর পর্যন্ত মিড ডে মিল সরবরাহ করা হবে পড়ুয়াদের।

    রাজ্য বিধানসভায় বাজেট বক্তৃতায় সরকারের এই দুই সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী ভাট্টি ভিক্রামার্কা। তিনি আরও জানিয়েছেন, আগামী জুন মাসে রাজ্যে চালু হবে পরিবার পিছু পাঁচ লাখ টাকার জীবন বিমা প্রকল্প। কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর নামে জীবন বিমা প্রকল্পের নাম রাখা হয়েছে ইন্দিরা আম্মা প্রকল্প। সরকারি সূত্রে জানানো হয়েছে, পরিবারের প্রধান উপার্জনকারী সদস্যের মৃত্যুতে এই অর্থ দেওয়া হবে। অন্যদিকে প্রাথমিক স্কুলে ক্লাস শুরুর আগে শিশুদের ব্রেকফাস্ট দেওয়ার ব্যবস্থা তামিলনাড়ুর কিছু জেলায় চালু আছে। দ্বিতীয় রাজ্য হিসেবে কংগ্রেস শাসিত তেলেঙ্গানা এই প্রকল্প চালু করতে চলেছে গোটা রাজ্যে। সেই সঙ্গে ইন্টারমিডিয়েট কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ানো হবে। তেলেঙ্গানার কংগ্রেস সরকারের তরফে জানানো হয়েছে, ব্রেকফাস্টে তিন দিন পাউরুটির সঙ্গে দুধ দেওয়া হবে। বাকি দিনগুলি অন্যান্য পুষ্টিকর পানীয় এবং ডিম, কলা ইত্যাদি দেওয়া হবে।

    উপমুখ্যমন্ত্রী ভাট্টি ভিক্রামার্কা জানিয়েছেন ব্রেকফাস্ট ও মিড ডে মিলের জন্য চলতি আর্থিক বছরে ৮০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অন্যদিকে জীবন বিমা প্রকল্পটির জন্য বরাদ্দ অঙ্কের পরিমাণ চার হাজার কোটি টাকা। তেলেঙ্গানা সরকার জানিয়েছে মোট দেড় কোটি পরিবার বিমা প্রকল্পের সুবিধা পাবে। এই প্রকল্পের জন্য কোনও আর্থিক মানদন্ড নির্ধারণ করা হয়নি। রোজগার নির্বিশেষে সব পরিবার এই জীবন বিমা প্রকল্পের সুবিধা পাবে।