
ত্রিধারা সম্মিলনীতে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে গ্রেফতার, পরে আলিপুর আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে পাঠানো ৯ অভিযুক্তকে জামিন দিয়েছে হাইকোর্ট। ৯ জনকে অন্তর্বর্তী জামিন দিয়ে হাইকোর্ট জানিয়েছে পুলিশ হেফাজতে রাখার কোনও প্রয়োজনীয়তা নেই।
১ হাজার টাকা বন্ডে জামিন দিয়ে বিচারপতি শম্পা সরকার এঁদের ১৫ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছেন। ততদিন ধৃতদের প্রতি সপ্তাহে থানায় হাজিরা দিতে হবে। রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিচারপতি বলেছেন রাজ্য যথেচ্ছভাবে তার ক্ষমতা ব্যবহার করতে পারে না। ক্ষমতা আছে বলে যাকে ইচ্ছে গ্রেফতার করা যায় না। পাশাপাশি এঁরা আর কোনও পুজোমণ্ডপে প্রতিবাদ জানাতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে । রাজ্য সরকারের কার্নিভালেও কোনওরকম ডিস্টার্বও করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে । অভিযুক্তদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে জানিয়েছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাট এবং প্ল্যাকার্ড উদ্ধার করেছে পুলিশ। ধর্মীয়ভাবে কাউকেই আঘাত করেননি। তাছাড়া ধৃতদের বয়স ২০ থেকে ২৫-র মধ্যে।
অতি উৎসাহে এই কাজ করে থাকতে পারে। পাল্টা রাজ্যের তরফে বলা হয় এরপিছনে বৃহত্তর ষড়যন্ত্রে ইঙ্গিত মিলেছে। তদন্ত চালিয়ে যেতে হেফাজতে রাখা প্রয়োজন।
ছবি সৌজন্যে : কলকাতা হাইকোর্ট
