
লোকসভা নির্বাচনের আবহে ত্রিপুরায় সন্দেহভাজন পাকিস্তানের যুবককে আটক করেছে পুলিশ। ত্রিপুরার সাব্রুম থানার পুলিশ ওই যুবককে আটক করেছে।
তার কাছে থাকা মোবাইল, ভারতীয় আধার কার্ড সহ বিভিন্ন কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ওই যুবক আইএসআই চর কিনা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, ধৃতের নাম আয়ান আলম ওরফে আল আমিন। জন্মস্থান পাকিস্তানের করাচি। গোয়েন্দা আধিকারিকরা তাকে টানা প্রায় চার থেকে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদে আয়ান আলম জানিয়েছেন, তার জন্ম পাকিস্তানে। বাবার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার মায়াপুরে। আড়াই-তিন দশক আগে অবৈধভাবে তারা পাকিস্তানে চলে যান। ফের ২০১১ সালে আয়ানকে নিয়ে তাঁর বাবা চলে আসে বাংলাদেশ। কিছুদিন বাংলাদেশে থাকার পর পুনরায় বন্ধু-বান্ধবসহ আয়ান পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। দক্ষিণ ভারতের কেরলে গিয়ে অবৈধ ভারতীয় পরিচয়পত্র দেখিয়ে সেখানে কাজ করত। এরপর ওই যুবক চলে যায় দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে। দীর্ঘদিন দিল্লিতে থাকার পর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আয়ান কাশ্মীর চলে যায়। লক্ষ্য ছিল সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যাওয়া। কিন্তু তাঁকে পুনরায় দিল্লিতে ফিরে আসতে হয়।
