
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও চরম অস্বস্তিকর গরম শহর কলকাতায়। এখনও বেশ কয়েক দিন বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া। তেমনটাই জানিয়েছেন আলিপুর হাওয়া অফিস।
কলকাতার শনিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ যথাক্রমে ৩৭.১ ডিগ্রি এবং ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় বেশি। পাশাপাশি আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় শনিবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ওই তিন জেলা বাদে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস। এর পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে শনিবার বিকালের পর হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে।অন্য দিকে, শনিবার উত্তরবঙ্গের সব জেলা ভারী বৃষ্টিতে ভিজতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে।
