
দক্ষিণবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
কলকাতা সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিন্মচাপ অনেকটাই কেটে গিয়েছে। ফলে বৃষ্টির সম্ভাবনা আগের চেয়ে কমেছে। তবে দক্ষিণবঙ্গের উপরে এখনও অক্ষরেখা বিস্তৃস্ত রয়েছে। ঘূর্ণাবর্তও রয়েছে এখনও পর্যন্ত। যার ফলে বঙ্গোপসাগরের দিক থেকে এখনও কিছুটা জলীয় বাস্প স্থলভাগে প্রবেশ করছে। তার প্রভাবেই কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহবিদেরা।









