
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার তাপমাত্রাই ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। আগামী তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সেই সঙ্গে তাপপ্রবাহের সতর্কতাও থাকছে শহরে। শুধু কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর মধ্যে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যেই আগামী সোমবার থেকে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টিতে গরম খুব একটা কমবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও।
