
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার কলকাতা এবং দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হাওয়ার বেগ আরও বেশি থাকবে। সোমবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় অবশ্য নেই কলকাতা। সোমবার ভিজতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়া। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারও বৃষ্টি চলবে কিছু জেলায়। দুই ২৪ পরগনা ছাড়াও ওই দিন বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
