
দক্ষিণ চিন সাগরে নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বাস্তবসম্মত ও কার্যকর আচরণবিধি তৈরির ব্যাপারে জোর দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভিয়েনতিয়ানে ইস্ট এশিয়া সামিট-এ তাঁর বক্তব্য, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য বিষয়টি অত্যন্ত জরুরি।
ইস্ট এশিয়া সামিটে বিদেশমন্ত্রীদের বৈঠকে তিনি দক্ষিণ চিন সাগর দিয়ে যাওয়া নৌপথগুলির জন্য আদর্শ আচরণবিধি তৈরির কথা বলে বার্তা দিয়েছেন, এই বিধি আন্তর্জাতিক আইন মেনে ও বৈঠকের অংশ-নয় এমন দেশগুলির স্বার্থ এবং ন্যায্য অধিকার খর্ব না করে তৈরি করা দরকার।বৈঠকে যোগ দিতে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই রয়েছেন ভিয়েনতিয়ানে।পাশাপাশি লোহিত সাগরে বাণিজ্যিক জলযান আক্রান্ত হচ্ছে বলে বৈঠকে এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেছেন, সমুদ্রপথে পণ্য পরিবহণের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ভারত স্বাধীন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এস জয়শঙ্করের একটি বৈঠক হয়েছে। কথা হয়েছে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে। বিদেশমন্ত্রী লাওসের বিশিষ্ট কয়েক জনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
