
জাতীয় পতাকা হাতে নবান্ন অভিযান হোক, ডাক দিন নির্যাতিতার বাবা, দলহীন লড়াই চেয়ে আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।আরজি কর-কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই বার বার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে ঝান্ডাহীন আন্দোলনের কথা শোনা গিয়েছে।
এ বার তিনি আরও স্পষ্ট ভাষায় বলেছেন,নির্যাতিতার বাবাকে মিছিলে হাঁটতে হবে না। তিনি শুধু এক বার ডাক দিন, যে নবান্ন অভিযান হবে। তার পর বাকিটা তাঁরা করে নেবেন।সেইসঙ্গে আরজি করের ঘটনায় শাসকদলের ভূমিকার সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্য সরকার বলছে, রাত মহিলাদের জন্য নিরাপদ নয়। এই লজ্জা রাখার কোনও জায়গা আছে? যেখানে সংসদে, বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাশ হচ্ছে, নারী সশক্তিকরণের কথা বলা হচ্ছে, রাজ্যগুলিতে নারীকেন্দ্রিক জনকল্যাণমূলক নানা কর্মসূচি নিচ্ছে কেন্দ্র, প্রধানমন্ত্রী আবাস যোজনায় মহিলাদের বাড়ির মালিকানা দেওয়া হচ্ছে, সেখানে এই রাজ্য সরকার বলছে মহিলাদের রাতে ডিউটি করার প্রয়োজন নেই? মহিলাদের যে রাতে নিরাপত্তা নেই, সেটা সরকার নিজেই বলছে নবান্ন থেকে? এর পরে হয়তো বলবে দিনের বেলাতেও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না।একইসঙ্গে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার মতে, পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা, নারী সুরক্ষা, নারীর অধিকার, নারীর নিরাপত্তা,সবই বিপন্ন। এই পরিস্থিতির জন্য বারবার মুখ্যমন্ত্রীকেই দুষছেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বলেছেন,বিজেপি, সিপিএম ইত্যাদি প্রতিটি রাজনৈতিক দলেরই কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। তাই তাঁরা এই পদক্ষেপ করতে পারছেন না। নির্যাতিতার বাবা এক বার নবান্ন অভিযানের ডাক দিন, সবাই বেরোবে। তাঁকে আসতে হবে না, তিনি বয়স্ক মানুষ, শোকাতুর অবস্থায় রয়েছেন। জাতীয় পতাকা নিয়ে এক বার শুধু ডাকটা দিন তিনি। বাকিটা তাঁরা করে দেবেন জাতীয় পতাকা নিয়ে।
