
নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে ফেক অডিও তৈরি করে ভাইরাল করার অভিযোগে গ্রেফতার হয়েছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মেজর ঋত্বিক পাল-কে। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাত একটা নাগাদ চুঁচুড়া সাইবার থানার পুলিশ হিন্দমোটরের বাড়ি থেকে ঋত্বিক পালকে গ্রেফতার করেছে।
তাঁর দুটি ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়েছে। ঋত্বিকের বাবা হিমাদ্রিশেখর পালের দাবি, কেন তাঁর ছেলেকে গ্রেফতার করা হল, এখনও পর্যন্ত বিষয়টি তাঁদের কাছে পরিষ্কার নয়। কিছুদিন আগে হুগলিতে দুটি অডিও ক্লিপ ভাইরাল হয়। একটিতে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি প্রার্থী কবীর শংকর বোসের কথোপকথন ছিল। আরেকটি অডিওতে কবীরশংকর টাকা দিয়ে টিকিট পেয়েছেন এমন কথাবার্তা ছিল। এই অডিও ভাইরাল হতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কবীর শংকর বোস দুজনেই চন্দননগর পুলিশের কাছে অভিযোগ জানান। চন্দননগর পুলিশের সাইবার থানা আইপি আড্রেস ট্র্যাক করে ঋত্বিকের খোঁজ পায়।








