দাদাসাহেব ফালকে,‘বাকরুদ্ধ’ মিঠুন

0
149

জাতীয় পুরস্কার, পদ্মসম্মানে ভূষিত হয়েছেন বহু আগেই,এবার ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী।প্রতিক্রিয়া দিতে গিয়ে অর্ধ শতাব্দীজুড়ে ভারতীয় সিনেদুনিয়ায় রাজত্ব করা মহাগুরু ফিরে গিয়েছেন স্মৃতির সরণিতে।

বলেছেন, কলকাতার কানাগলি থেকে এসেছেন, সেই ফুটপাথ থেকে লড়ে আজ এখানে এসেছেন। সেদিনের সেই ছেলেটিকে আজ এত বড় সম্মানে ভূষিত করা হচ্ছে। ভাবতেও পারছেন না। তিনি বাকরুদ্ধ। মিঠুনের সংযোজন, সেভাবে প্রতিক্রিয়া দেওয়ার মতো ভাষা তাঁর কাছে নেই। না হাসতে পারছেন, না আনন্দাশ্রু চোখ বেয়ে গড়াচ্ছে। এত বড় একটা বিষয়।সত্যি কথায় পাঁচ দশকের ফিল্মি কেরিয়ার,সিনেদুনিয়ায় পা রেখেছিলেন কিংবদন্তী পরিচালক মৃণাল সেনের হাত ধরে।ঠিক যেসময়ে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির একের পর এক প্রযোজক, পরিচালকরা তাঁর মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলেন, তখন মৃণাল সেনের হাত ধরে ভারতীয় সিনেমার দলিলে মৃগয়া দিয়ে নাম লিখিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। স্ট্রিট ফাইটার স্পিরিট, কাজের প্রতি নিষ্ঠা-অধ্যবসায় থাকলে যে সর্বোচ্চ চূড়াও ছোঁয়া যায়, কলকাতার গৌরাঙ্গ দেখিয়ে দিয়ে ছিলেন হিন্দি সিনেজগৎকে। এর মধ্যে,মিঠুন চক্রবর্তীকে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।তিনি লিখেছেন,মিঠুন চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্রে তাঁর অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। মিঠুন চক্রবর্তী একজন সাংস্কৃতিক আইকন, তাঁর বহুমুখী প্রতিভার জন্য সবপ্রজন্মের কাছে প্রশংসিত। এদিকে বাংলা টেলিভিশনের মহাগুরুকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউড তারকারাও। ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতাশঙ্কর, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।