
ঘূর্ণিঝড় দানা’র জেরে নিম্নচাপের বৃষ্টিতে ধান সহ সবজি চাষে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বাঁকুড়ার সোনামুখীতে। বৃষ্টি কমতেই সোনামুখী ব্লকের বিভিন্ন প্রান্তে জমিতে নেমে সরেজমিনে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছেন কৃষি আধিকারিকরা।
শষ্যবীমার মাধ্যমে কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাসও দিচ্ছেন তাঁরা। কিন্তু শুকনো আশ্বাসে চিঁড়ে ভেজাতে নারাজ কৃষকরা। তাঁদের দাবি অতীতে একাধিকবার আশ্বাস সত্ত্বেও মেলেনি ক্ষতিপূরণ। তাই এবার আদৌ কী মিলবে ক্ষতিপূরণ। আশা ও আশঙ্কার দোলচলে জেলার হাজার হাজার ক্ষতিগ্রস্থ কৃষক। ক্ষতিপূরণে কৃষককে বঞ্চনার অভিযোগ পেলে বীমা সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন কৃষি দফতরের আধিকারিকরা। কৃষি দফতরের এমন আশ্বাসের পরেও আশঙ্কা কাটছে না ক্ষতিগ্রস্থ কৃষকদের।
তাঁদের দাবি এর আগেও একাধিকবার বীমার ক্ষতিপূরণের আবেদন জানিয়ে কোনও ক্ষতিপূরণ মেলেনি। তবে এবার ক্ষতিপূরণ না মিললে সেক্ষেত্রে যে আকন্ঠ ঋণে ডুবে থাকা কৃষকদের আত্মহত্যা ছাড়া আর বিকল্প কোনও রাস্তা খোলা নেই, তা জানাতে ভোলেননি ক্ষতিগ্রস্থ কৃষকরা।
ছবি সৌজন্যে : নিজস্ব








