
দেশের মধ্যে কলকাতা বিমানবন্দরে টানা তিনদিন বোমাতঙ্ক। এবার একটা, দুটো, নয় সাত-সাতটি বিমানে বোমার রাখা রয়েছে বলে এক্স পোস্ট করে জানানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকে।
বৃহস্পতিবার দুপুরের দিকে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের নজরে আসে একটি পোস্ট। সেই পোস্টে জানানো হয়, ইন্ডিগোর তিনটি-সহ মোট ৭ টি বিমানে বোমা রাখা রয়েছে। তড়িঘড়ি বিমানগুলোর জরুরি অবতরণের ব্যবস্থা করা হয়। বিমানগুলি ইতিমধ্যেই পরীক্ষাও করা হয়েছে। ইতিমধ্যেই এ বিষয়ে থানায় জানানো হয়েছে। বেশ কয়েকদিন যাবৎই পরপর বেশ কয়েকদিন বিমানে বোমা রাখা রয়েছে এক্স পোস্টে হুমকি আসছিল বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। এদিকে, ঘূর্ণিঝড় দানা’র কারণে সন্ধে নামতেই কলকাতা বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না বলেও ঘোষণা করা হয়েছে। শুধু কলকাতা বিমানবন্দরই নয়, ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরও বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ১৬ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, রেলের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে শিয়ালদহ দক্ষিণ ও হাসনাবাদ শাখায় মোট ১৯০টি ট্রেন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সব মিলিয়ে ১৪ ঘণ্টা শিয়ালদহ দক্ষিণ এবং হাসনাবাদ শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল। হাওড়া স্টেশন থেকেও শুক্রবার বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে রয়েছে বর্ধমান, ব্যান্ডেল, শেওড়াফুলি এবং শ্রীরামপুর লোকালও। অন্য দিকে, ব্যান্ডেল থেকে কাটোয়ার দিকেও কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। ৫৫২টিরও বেশি এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে দক্ষিণ-পূর্ব রেল বাতিল করেছে ১৫০টি ট্রেন।
ইস্টকোস্ট রেল বাতিল করেছে ১৯৮টি। পূর্ব রেল ২০০টিরও বেশি এবং দক্ষিণ-পূর্ব-মধ্য রেল বাতিল করেছে ১৪টি ট্রেন।
ছবি সৌজন্যে : নিজস্ব








