
দিল্লিতে প্রবল গরম এবং তাপপ্রবাহে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। ফলে রাজধানীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৫। আর এই দৃশ্য কার্যত ভয়াবহ বলেই মনে করছে প্রশাসন।
জানা গিয়েছে, দিল্লিতে প্রচণ্ড গরমে যে ২৭৫ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ১৫৪ জনের প্রাণ গিয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর। অর্থাৎ তাপপ্রবাহের জেরে ওই ১৫৪ জন অসুস্থ হয়ে পড়লে, তাদের রাজধানী শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ফলে যত সময় এগোচ্ছে, দিল্লিতে পরিস্থিতি যে ভয়াবহ হচ্ছে গরমের জেরে, তা স্পষ্ট। সেই সঙ্গে তাপপ্রবাহের জেরে যে মৃত্যুর ঘটনা ঘটছে, সে বিষয়ে বহু হাসপাতালই নির্দিষ্ট তথ্য প্রকাশ করতে চাইছে না। ফলে প্রচণ্ড গরমে রাজধানীতে কত মানুষের মৃত্যু হচ্ছে বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, তার হিসেব মিলছে না।এর আগে ২০২২ সালে দিল্লির গরমে সবথেকে বেশি মৃত্যু হয়েছিল। সেই সংখ্যাটা ছিল ১৫০। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১৪৩, ২০২০ সালে তা কমে হয়েছিল ১২৪। সবথেকে কম মৃত্যুর ঘটনা ঘটেছিল ২০২১ সালে, ৫৮ জন। এছাড়া ২০২৩ অর্থাৎ গত বছরে দিল্লিতে গরমে মৃত্যু হয়েছিল ৭৫ জনের।
