
দিল্লি গিয়ে বসে থাকলে চলবে না। দলের নবনির্বাচিত সাংসদের এভাবেই সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন দিল্লি গিয়ে লোকসভায় চুপচাপ বসে থাকলে হবে না।
রাজ্যের প্রাপ্য বকেয়া থেকে সিএএ, এনআরসি, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সরকারের ওপর চাপ বাড়াতে হবে। শনিবার কালীঘাটে নব নির্বাচিত সাংসদ, নেতা, জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন এখন আর ধমকে চমকে, সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ১৪৭ জন সাংসদকে তাড়িয়ে যা ইচ্ছে বিল পাস করিয়ে নেওয়া যাবে না। তৃণমূলের সাংসদরা এর বিরুদ্ধে আওয়াজ তুলবেন। সিএএ, এনআরসি, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আলোচনা চাইতে হবে, চাপ সৃষ্টি করতে হবে আইন বাতিল করতে।








