
দীপাবলির আগেই ধোঁয়াশার চাদরে ঢাকছে দিল্লি।সোমবারও রাজধানীর বাতাসের গুণমান রয়েছে অতিরিক্ত খারাপ ক্যাটেগরিতে। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার দিল্লিতে বাতাসের গুণগত মান ৩২৮।
পাঞ্জাবি বাগ, পুসা, সনিয়া বিহার, বুরারি ক্রসিং, আনন্দ বিহার, অশোক বিহার এলাকায় সকাল সাড়ে ১০টা নাগাদ বাতাসের গুণগত মান ছিল ৩৫০।
অন্যদিকে, অক্ষরধাম এলাকায় বাতাসের গুণগত মান ২৬১ থেকে লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭-এ। যা বিপদসীমা ছুঁয়ে ফেলেছে।দিল্লি বিমানবন্দরের ছবিটাও এক। পরিস্থিতি এমন যে শ্বাসকষ্টের অভিযোগ তুলছেন রাজধানীবাসীর একাংশ। এদিকে, দিল্লিতে দরকার ছাড়া বাড়ির বাইরে না যাওয়াই শ্রেয় বলে মনে করছেন চিকিৎসকরা। অনভিপ্রেত কাশি, বুকে অস্বস্তি, মাথা ঘোরার মতো পরিস্থিতি তৈরি হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে পরামর্শ দেওয়া হচ্ছে দিল্লির বাসিন্দাদের। গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে অবশ্যই কাচ তুলে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
