
দীর্ঘসময় কলকাতার সঙ্গে উত্তরবঙ্গ কানেকটেড নয়, বিমানবন্দরে গিয়ে জানতে পারলেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনাস্থলে দেরিতে যাওয়া নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি তো জানতেনই না উত্তরবঙ্গে যাওয়ার এত কম বিমান রয়েছে।
দুপুর ১২টা ৪০-এ উত্তরবঙ্গের বিমান রয়েছে। তাও সব বুক হয়ে গিয়েছে। তারপরের বিমান সেই বিকেলে। মাঝে আর কোনও বিমান নেই। এই কারণেই তাঁর যেতে দেরি হয়েছে। শেষমেশ ইন্ডিগোর বিমান বুক করা হয়েছে। তিনি আরও বলেছেন প্রথমে বলা হয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান দেবে। কিন্তু দেয়নি। তাঁর কথায় এত কম বিমান উত্তরবঙ্গে যাওয়ার রয়েছে। অথচ কলকাতায় এসেই বিমানগুলো জ্বালানি ভরে। আর যাওয়ার বেলায় সব বাতিল করে দেয়। এমনটা চলতে পারে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই উত্তরবঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই শুরু হয় বিমান এবং কপ্টারের খোঁজখবর। কিন্তু উত্তরবঙ্গে আবহাওয়ার পরিস্থিতির কথা বিবেচনা করে কপ্টারের ঝুঁকি নেননি প্রশাসনিক কর্তারা। শেষপর্যন্ত যাত্রীবাহী বিমানেই উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
