
একজন ৮৩ কেজি ওজনের মানুষ ৪০ কেজি ওজনের মহিলার কোলে বসলে তিনি কিভাবে সুস্থ থাকতে পারেন। প্রশ্ন তুলেছেন তন্ময় ভট্টাচার্য।
সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে সোমবার তন্ময় ভট্টাচার্যকে ডেকে পাঠিয়ে প্রায় ৩ ঘণ্টা জেরা করেছে বরানগর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির ২ জামিন অযোগ্য ধারায় মামলাও দায়ের হয়েছে বলে খবর।
থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মপক্ষসমর্থনে একধিক প্রশ্ন তুলেছেন সিপিএমের সাসপেন্ডেড নেতা তন্ময় ভট্টাচার্য। তিনি বলেছেন মেয়েটির সঙ্গে যে ক্যামেরা পার্সন ছিলেন তিনি কেন রেকর্ড করেনি পুরো বিষয়টির। তন্ময় ভট্টাচার্য আরও বলেছেন এর আগেও একাধিকবার ওই মহিলা ইন্টারভিউ নিয়েছেন। এমনটা আগেও করে থাকলে কেন তিনি ফের এসেছিলেন ইন্টারভিউ নিতে। সেদিনও কি প্রশ্ন করবেন তা সাজেস্টও করেদিয়েছিলেন। তাঁর ইন্টারভিউ নেওয়ার পর মেয়েটি হাসতে হাসতে বাড়ি থেকেই বেরিয়েছিলেন এমনটা জানিয়েছেন প্রতিবেশী এক যুবক। এরপর সল্টলেকে অন্য একজনের ইন্টারভিউ নেন। ট্রমাটাইজ অবস্থায় কিভাবে এতকাজ করেছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তন্ময় ভট্টাচার্য। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় লাইভ করার আধ ঘণ্টার মধ্যে একাধিক তৃণমূল নেতৃত্ব কুণাল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা কিভাবে শেয়ার করলেন। এটা পরিকল্পিত কুৎসা বলে অভিযোগ করে দলের সাসপেনশন নিয়ে তন্ময় ভট্টাচার্য বলেছেন ঘটনার জন্য তার দল দোষী করলেও তিনি বামপন্থী ঘরের ছেলে, আজীবন বামপন্থী থাকবেন।
