
কংগ্রেস ক্ষমতায় আসলে দুই স্ত্রী থাকা স্বামীরা ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এমনই মন্তব্য করে করে হইচই ফেলে দিয়েছেন মধ্যপ্রদেশের কংগ্রেস প্রার্থী কান্তিলাল ভুরিয়া।
আর কংগ্রেস নেতার এই মন্তব্যকে সস্তার প্রচার বলে মন্তব্য করেছে বিজেপি।কান্তিলাল লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের রতলাম আসনের কংগ্রেস প্রার্থী। একটি নির্বাচনী প্রচারে বেরিয়ে মহালক্ষ্মী প্রকল্প নিয়ে কথা বলার সময় কান্তিলাল ভুরিয়া বলেছেন, কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরে, প্রতিটি মহিলার অ্যাকাউন্টে ১ লাখ টাকা করে জমা হবে। কংগ্রেস নির্বাচনী ইস্তাহারে এই প্রতিশ্রুতি দেওয়া রয়েছে। যাদের দু’জন স্ত্রী রয়েছেন, তাঁরাও ২ লাখ টাকা পাবেন। কান্তিলাল ভুরিয়া যখন ওই মন্তব্য করেন, তখন সেখানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং এবং মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পটোয়ারী।কান্তিলাল ভুরিয়ার ওই মন্তব্যের সমালোচনা করেছেন বিজেপির মুখপাত্র নরেন্দ্র সালুজা। কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।








