
এলাকা দখল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে হাওড়ার শালিমারে। দু’পক্ষের সংঘর্ষে হয়েছে ইটবৃষ্টি। ভাঙচুর চালানো হয়েছে দোকান ও বাড়িতেও।
ইটের ঘায়ে আহত হয়েছেন কমপক্ষে ছ’জন। পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি এলাকায় নামানো হয়েছে র্যাফ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবি এবং সুলতান নামে দু’জনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, শালিমার পাঁচ নম্বর গেট এলাকায় শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ উত্তেজনা ছড়ায়। প্রথমে মনে করা হয়েছিল, সিন্ডিকেট নিয়ে ঝামেলা। পরে পুলিশ সূত্রে খবর, মোবাইলের দোকান থেকে ঘটনার সূত্রপাত। সেই দোকানে ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে। এর পর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করা হয়। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানিয়েছেন, একই পাড়ার এক মহিলা এবং পুরুষের মধ্যে ঝামেলা বাধে। ক্রমে সেই ঝামেলায় জড়িয়ে পড়েন এলাকার অনেকেই। উভয় পক্ষ একে অপরের দিকে পাথর ছোড়ে।
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনায় জড়িত থাকা অভিযোগে আটক হওয়ার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় পুলিশ টহল দিচ্ছে।
ছবি সৌজন্যে : নিজস্ব




