
দুর্বল ছাত্রদের নবম শ্রেণিতে ফেল করায় আপ সরকার। দিল্লি ভোটের আগে আপের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর অভিযোগ, যে সব ছাত্রেরা দশম শ্রেণির পরীক্ষায় নিশ্চিত ভাবে পাশ করবে, কেবল মাত্র তাদেরকেই নবম শ্রেণি থেকে দশমে পাঠানো হয়, যাতে সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে। সোমবার নয়াদিল্লির আরকে পুরমে নির্বাচনী প্রচারের শেষ পর্বে আপ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার হালহকিকত নিয়ে প্রশ্ন তুলেছেন মোদী। সেখানেই শিক্ষার্থীদের সঙ্গে একটি কথোপকথনে প্রধানমন্ত্রী বলেছেন, দশমের পরীক্ষায় শিক্ষার্থীরা অকৃতকার্য হলে আপ সরকারের খ্যাতি নষ্ট হবে। তাই নবম শ্রেণির পর দুর্বল পড়ুয়াদের দশম শ্রেণিতে পাঠানো হয় না। এর পরেই মোদীর আশ্বাস, বসন্ত পঞ্চমীর সঙ্গে সঙ্গে দিল্লিতেও উন্নয়নের নতুন বসন্ত আসতে চলেছে।
যদিও আপের দাবি, গত ১০ বছরেরও বেশি সময় ধরে রাজধানীতে বিশ্বমানের বেশ কয়েকটি স্কুল তৈরি করেছে আপ। শুধু তাই নয়, সরকারি স্কুলগুলিতেও শিক্ষার মান উন্নত হয়েছে।








