
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হতেই এখন দেশে ফেরার ব্যস্ততা শুরু হয়েছে কলকাতায় আটকে পড়া বাংলাদেশীদের মধ্যে।
এদেরমধ্যে কেউ এসেছিলেন চিকিৎসা বা ব্যবসা কেউ আবার স্রেফ ঘুরতে কলকাতায় এসেছিলেন। তাদের বেশিরভাগ অংশের ঠিকানা মার্কুইজ স্ট্রিট। এছাড়াও চিকিৎসা করাতে আসা বাংলাদেশীদের একটা বড় অংশ ওঠেন মুকুন্দপুরে। এদের মধ্যে কেউ এসেছেন বাবা কিংবা মাকে নিয়ে কেউ আবার স্ত্রী বা আত্মীয়দের চিকিৎসা করাতে অ্যাপোলো বা পিয়ারলেস হাসপাতালে। তারাও পড়েছেন বিপাকে। ফুরিয়ে আসছে টাকা। চিকিৎসা করিয়ে কিভাবে দেশে ফিরবেন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই অবস্থায় মঙ্গলবার সকাল থেকেই মার্কুইজ স্ট্রিটে দেশে ফেরার হুড়োহুড়ি পড়ে গিয়েছে। ট্রেন পরিষেবা বন্ধ থাকলেও আপাতত বাস পরিষেবা আংশিক চালু হয়েছে আর বাসের টিকিট পেতে এখন লাইন বাস পরিষেবা সংস্থার অফিসে। আপাতত কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত বাস পরিষেবা চালু হয়েছে। কিন্তু তার পরেও অনিশ্চয়তার মেঘ কাটছে না কলকাতায় আটকে পড়া বাংলাদেশীদের।
