
পাইকারি ব্যবসায় ধর্মঘট শুরু হতেই কলকাতা সহ রাজ্যজুড়ে বেড়েছে আলুর দাম। তবে আলুর রফতানি আটকাতে অনড় রয়েছে সরকার।
সোমবার মধ্যরাত থেকে রাজ্যের প্রায় কোনও হিমঘরের শেডে নামেনি আলুর বস্তা। ফলে মঙ্গলবার সকাল থেকেই খোলা বাজারে আলুর জোগানে টান দেখা দিয়েছে। আশঙ্কা মতোই, কোথাও কেজিতে দু’টাকা, কোথাও কোথাও আবার আট থেকে ন’টাকা পর্যন্ত বেড়েছে আলুর দাম। ফলে মঙ্গলবার সকালে বাজারে গিয়ে সমস্যায় পড়েছেন ক্রেতারা। রাজ্যের বিভিন্ন বাজারেও আলুর দামের ক্ষেত্রে একই ছবি ধরা পড়েছে বর্ধমানের পুলিশ লাইন বাজার থেকে স্টেশন বাজার কিংবা নীলপুর বাজার সব জায়গাতেই খোলা বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩৬ টাকা কিলো দরে। চন্দ্রমুখী আলু কিলো প্রতি ৪০ টাকা। শুধু বর্ধমান নয়, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুরেও একই ছবি।
কলকাতার বাজারেও প্রভাব পড়েছে। সল্টলেকের দিকে জ্যোতি, চন্দ্রমুখী— প্রায় কেজি প্রতি তিন টাকা করে দুই জাতের আলুরই দাম বৃদ্ধি পেয়েছে।
