
ধর্ষণ রুখতে কড়া আইন আনা হোক দেশে,এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ফাস্ট স্ট্র্যাক কোর্টের মাধ্যমে ১৫ দিনের মধ্যে যাতে দোষীর বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করা যায়, সেই নিয়েও চিঠিতে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী।
নবান্নে সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য আরজি কর-কাণ্ডে সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার।সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছে।এই আবহে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে আশঙ্কা প্রকাশ করে জানানো হয়েছে, দেশে ধর্ষণ এবং খুনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। রোজ গড়ে ৯০টি ধর্ষণের ঘটনা হচ্ছে। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ঘটনায় বন্ধে অবিলম্বে কড়া আইন আনা প্রয়োজন। চিঠিতে আরও দাবি করা হয়েছে, ফাস্ট স্ট্র্যাক কোর্টের মাধ্যমে এই ধরনের ঘটনা ঘটার ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করা হোক প্রসঙ্গত, বৃহস্পতিবারই তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পশ্চিমবঙ্গ-সহ দেশের সমস্ত রাজ্যের সরকারকে অনুরোধ করেছেন ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার বিষয়ে কেন্দ্রীয় সরকারকে চাপ দিতে। তার পরেই রাজ্য সরকারের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা প্রকাশ্যে এসেছে।
