
মমতা বন্দোপাধ্যায়ের ৪ দিন ছাড়িয়ে এবার অভিষেকের ৫০ দিনের ডেডলাইন। দাবি তুলছেন ওই সময়ের মধ্যে ধর্ষকদের ফাঁসি দিতে হবে।
১৪ অগাস্ট রাতে আর জি কর-এ ভাঙচুরের পরে এক্স পোস্টে রং-দল নির্বিশেষে দোষীদের শাস্তির দাবি তুলেছিলেন। এরপর এক সপ্তাহ কার্যত নিশ্চুপ থাকার পর বৃহস্পতিবার সকালে এক্স পোস্টে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ধর্ষণের ক্ষেত্রে এমন কড়া আইন আনতে হবে যাতে ৫০ দিনের মধ্যে গোটা বিচারপ্রক্রিয়া নিষ্পত্তি হয়। এবং দোষীরা শাস্তি পায়। এক্স পোস্টে তিনি লিখেছেন, এ ব্যাপারে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে হবে রাজ্যকেই। যে আইনে ধর্ষণের ঘটনার ৫০ দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা হবে। এবং তার পরে দোষীকে কঠোরতম সাজা দেওয়া হবে। অভিষেক লিখেছেন, গত ১০ দিনে আর জি কর-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন গোটা দেশ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে, সুবিচারের দাবি করছে, তখনও দেশ জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। ভারতের বিভিন্ন প্রান্তে ৯০০ জনকে ধর্ষণ করা হয়েছে। প্রতিদিন ৯০টি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হয়েছে। অথচ এত কিছু সত্ত্বেও এই অপরাধের কোনও দীর্ঘমেয়াদি সমাধান বার করা গেল না। সব শেষে গোটা দেশের মানুষকে সচেতন হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
