নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মীকে কুপিয়ে খুন

0
204
Female BJP worker hacked to death in Nandigram
Female BJP worker hacked to death in Nandigram
তমলুকে ভোটের ঠিক ৩ দিন আগে নন্দীগ্রামের সোনাচূড়ায় মহিলা বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর মৃতের নাম রথীবালা আড়ি।
হামলার ঘটনায় বিজেপি সমর্থকের ছেলে-সহ ৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। মৃতের ছেলেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা নন্দীগ্রাম জুড়ে। তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির নেতা-কর্মীরা। যদিও এই হামলার দায় অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির দাবি, বুধবার রাতে সোনাচূড়ার মনসাবাজার এলাকায় তাদের কর্মী, সমর্থকরা বুথ পাহারা দিচ্ছিলেন। অভিযোগ, সেইসময় ধারাল অস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আরও অভিযোগ, রথিবালা আড়ি নামে ওই বিজেপি কর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি কোপ চালাতে থাকে দুষ্কৃতীরা। রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন রথিবালার পুত্র সঞ্জয় আড়িও। চিৎকার শুনে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তৎক্ষণাৎ রথিবালা-সহ অন্যদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। তবে হাসপাতালের চিকিৎসকেরা রথিবালাকে মৃত বলে জানান। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেও পুলিশ সূত্রে খবর।