
নারকেলডাঙায় বস্তিতে আগুনে মৃত্যুর ঘটনা, পরবর্তীতে দলবল নিয়ে হামলার অভিযোগে তৃণমূল কাউন্সিলর সচিন কুমার সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
রবিবার অগ্নিকাণ্ডের ঘটনার পর তপ্ত হয়ে ওঠে নারকেলডাঙা। মেয়র ফিরহাদ হাকিম চলে যাওয়ার পর সংঘর্ষে রক্ত ঝরে। রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। কাউন্সিলর সহ ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। শ্লীলতাহানির অভিযোগে পাল্টা অভিযোগ দায়ের করেছে কাউন্সিলরের অনুগামীরা। রবিবার অগ্নিকাণ্ডের ঘটনার পর মেয়র ফিরহাদ হাকিমের সামনেই তোলাবাজির অভিযোগে ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিংয়ের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এরপর কাউন্সিলরের বিরুদ্ধে হায়দর নওয়াজের অনুগামীদের তরফে এফআইআর দায়ের হয়েছে। রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে।
হামলার ঘটনায় কাউন্সিলর সচিন সিং সহ ৬ জনের নাম রয়েছে। পাল্টা পাপ্পু খান, হায়দার নওয়াজদের বিরুদ্ধে শ্লীলতাহানি, অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ করা হয়েছে কাউন্সিলরের অনুগামীদের তরফে। নারকেলডাঙা থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে।








