না ফেরার দেশে ‘বাঞ্ছারাম’ মনোজ মিত্র    

0
305

কলকাতার বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ও কিংবদন্তি নাট্যকার মনোজ মিত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। অবস্থা সঙ্কটজনক থাকায় রাখা হয়েছিল ভেন্টিলেশনেও। চিকিৎসকরা তাঁকে সুস্থ করার চেষ্টা করেছিলেন। ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন প্রবীণ অভিনেতা। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, প্রবীণ অভিনেতার হৃদযন্ত্রে সমস্যা ছিল। এক সময় হার্ট ঠিকমতো কাজ করছিল না। রক্তচাপও নিয়ন্ত্রণে ছিল না। ক্রিয়েটিনিন বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়েছিল।সোডিয়াম-পটাসিয়ামের সমস্যা দেখা দিয়েছিল। চিকিৎসকদের চেষ্টার কাছে আর পারেন নি প্রবীণ অভিনেতা। চিকিত্সক থেকে পরিবার, অগণিত ভক্তরা চাইছিলেন সেরে উঠুন বাঞ্চারাম। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। সিনেমার পাশাপাশি সিরিয়াল, শর্টফিল্ম থেকে নাটকের মঞ্চেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন মনোজ মিত্র। তাঁর অভিনীত বাঞ্ছারামের বাগান, আদর্শ হিন্দু হোটেল আজও মুগ্ধ করে বাঙালি দর্শককে। আপাতত সিনে জগত থেকে দূরে রয়েছেন তিনি। তবে ৮৬ বছর বয়সেও সমান তালে লেখালেখি চালিয়ে গিয়েছেন।

মনোজ মিত্র নিজের অভিনয় জীবনে তপন সিনহা, সত্যজিৎ রায়, গৌতম ঘোষের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন। শ্রেষ্ঠ নাট্যকারের জন্য পেয়েছেন একাধিক পুরস্কার।

ছবি : সংগৃহীত