
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকারী মহিলার মোবাইলে কথা বলার একটি ভিডিওপ্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ।
ওই ভিডিওয় মহিলাকে মোবাইলে বলতে শোনা গিয়েছে, তিনি যদি প্রতিবাদ না করেন, তাহলে ভবিষ্যতে অন্য কোনও মেয়ের সঙ্গেও এই ধরনের ঘটনা ঘটবে।ফোনে কাঁদতে কাঁদতে ওই মহিলাকে বলতে শোনা গিয়েছে, তিনি কন্ট্র্যাকচুয়াল স্টাফ হয়ে চাকরি হারানোর ভয়ে কত দিন মুখ বুজে থাকবেন।পুলিশের কাছে করা ওই মহিলার একটি অভিযোগপত্রের ছবিও প্রকাশ্যে এসেছে। এস নিউজ সেই অভিযোগপত্রের ছবিরও সত্যতা যাচাই করেনি। তাতে দেখা যাচ্ছে, মহিলা রাজভবনের ওসির কাছে ওই অভিযোগপত্রটি জমা দিয়েছেন। তাতে মহিলা জানিয়েছেন, তিনি রাজভবনের কোয়ার্টারে থাকেন। অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেন রাজভবনে। তাঁর দাবি, ১৯ এপ্রিল রাজ্যপাল তাঁকে বলেছিলেন সময় করে সিভি নিয়ে দেখা করতে। এরপর তিনি ২৪ এপ্রিল দুুপুর ১২টা ৪৫ মিনিটে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। সেই সময় রাজ্যপাল তাঁকে আলোচনার সময়ে কুপ্রস্তাব দেন। ২ মে আবার তাঁকে ডাকেন রাজ্যপাল।অন্যদিকে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় বলেছেন, অভিযোগটি সংবেদনশীল হওয়ায় তাঁরা আপাতত বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। পাশাপাশি আইন এবং সংবিধান অনুযায়ী কী কী পদক্ষেপ করা যায়, সেই আলোচনাও করা হচ্ছে।








