
হরিয়ানার টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের নিজস্ব কোনও অ্যাকাডেমি ছিল না। ছোট ছোট ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এক এক জায়গায় টেনিস কোর্ট ভাড়া নিতেন। আর তাতেই আপত্তি ছিল রাধিকার বাবা দীপকের। খুনের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।
তদন্তকারী এক আধিকারিক বলেছেন, রাধিকার নিজস্ব কোনও অ্যাকাডেমি নেই। টেনিস কোর্ট ভাড়া নিয়ে প্রশিক্ষণ দিতেন। দীপক তাঁকে অনেক বার এই প্রশিক্ষণের বিষয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু রাধিকা বাবার সেই আপত্তি কানে তোলেননি।
আর এখান থেকেই বাবা-মেয়ের সম্পর্কের টানাপড়েনের সূত্রপাত। তবে রাধিকার পুরনো যে মিউজিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাঁর খুনের সঙ্গে এই ভিডিয়োর কোনও সম্পর্ক নেই। এমনকি দীপক এই ভিডিয়ো নিয়ে কোনও আপত্তি জানাননি। দীপক বারবার দাবি করেছেন, প্রশিক্ষণ দিয়ে রাধিকা টাকা উপার্জন করুক, এটা তিনি মেনে নিতে পারছিলেন না।
