
খলিস্তানপন্থী সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জর খুনের মামলায় আরও এক ভারতীয়কে গ্রেফতার করেছে কানাডা পুলিশ। এই ঘটনায় এর আগে তিন জন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছিল।
ফলে এই নিয়ে চতুর্থ ভারতীয় গ্রেফতার হয়েছেন নিজ্জর হত্যাকাণ্ডে। কানাডা পুলিশ জানিয়েছে, নিজ্জরের খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমনদীপ সিং নাম একজন গ্রেফতার করা হয়েছে। তিনি ভারতীয় নাগরিক। ২২ বছরের আমনদীপ অন্য একটি মামলায় কানাডা পুলিশের হেফাজতেই ছিলেন। তাঁর কাছ থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করা হয়েছিল। সেই মামলার তদন্ত চলাকালীনই নিজ্জর হত্যার সঙ্গে আমনদীপের সম্পর্ক খুঁজে পাওয়া যায় বলে জানিয়েছে কানাডা পুলিশ। তার পর ওই মামলায় তাঁকে নতুন করে গ্রেফতার করে কানাডা পুলিশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম। নিজ্জরকে ২০২০ সালে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছিল ভারত। তিন বছর পর গত ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে তাঁকে হত্যা করা হয়।
