
নিট কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর নীরাবতা নিয়ে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ভুল স্বীকারের পরে আক্রমণ আরও জোরদার হয়েছে। রাহুল গান্ধী বলেছেন, নিট-এর হাজার হাজার পরীক্ষার্থী তাঁদের পরিবারের সঙ্গে এই ভয়ংকর গরমের মধ্যে রাস্তায় নেমেছেন। আর নরেন্দ্র মোদী চুপচাপ তামাশা দেখছেন। সরব হয়েছে তৃণমূলও। রাজ্যসভায় তৃণমূল সাংসদ জহর সরকারের প্রশ্ন, নিট পরীক্ষার এক মাস আগে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। গ্রেফতার হওয়া পরীক্ষার্থী অনুরাগ যাদব নিজেই সে কথা জানিয়েছে। তা হলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কাকে বাঁচাতে চাইছিলেন? সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রশ্ন, যদি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নৈতিক দায় নিয়ে থাকেন, তা হলে তাঁর পদত্যাগ করা উচিত।
