
বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে শুক্রবার নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার প্রভাবে আগামী বুধবার, ষষ্ঠী পর্যন্ত সারা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।পাশাপাশি ঝড়বৃষ্টির জন্য কলকাতা-সহ দক্ষিণের কয়েকটি জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে। শনিবার হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী বুধবার, ষষ্ঠী পর্যন্ত দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আশার কথা, শনিবারের পর দুই বঙ্গেই কমতে পারে বৃষ্টির পরিমাণ। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্রের উপর ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে,বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বুধবার পর্যন্ত উত্তর থেকে দক্ষিণে ঝড়বৃষ্টির পূ্র্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আট জেলাতেই বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পঙে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরসহ বাকি ছয় জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের আট জেলায় এই বৃষ্টি চলবে আগামী বুধবার, ষষ্ঠী পর্যন্ত, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে সব জায়গায় নয় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পঙের পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
