
বিকেলে আলিপুর কোর্টে বিচারকের কাছে গোপন জবানবন্দি আর সন্ধেয় নির্যাতিতাকে নিজের কলেজে নিয়ে গিয়ে তদন্ত শুরু করে দিল কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট।
নির্যাতিতা তদন্তকারী অফিসারদের ঘুরিয়ে দেখিয়েছেন সেদিনের অকুস্থল। ২৫ তারিখ বুধবার সন্ধে সাড়ে ৭ টা থেকে রাত ১০টা ৫০ পর্যন্ত ইউনিয়ন রুম থেকে গার্ডরুমে তাঁর সঙ্গে ঘটে চলা নির্যাতনের ভয়ঙ্কর বর্ণনাও দিয়েছেন তদন্তকারী অফিসারদের। আগেই কসবাকাণ্ডে এবার সিট গঠন করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। অ্যাস্টিস্ট্যান্ট কমিশনার দক্ষিণ শহরতলি প্রদীপ কুমার ঘোষালের নেতৃত্বে ৫ জনের বিশেষ তদন্তকারী কমিটি তৈরি করা হয়েছে। এরই মধ্যে শনিবার দুপুরে আলিপুর আদালতে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। এসবের মধ্যে ল’কলেজে গণধর্ষণকাণ্ডে মুখ্যসচিবের রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন। মুখ্যসচিবের কাছে দেওয়া চিঠিতে বলা হয়েছে গোপনে নির্যাতিতার পূর্ণাঙ্গ মেডিক্যাল টেস্ট করাতে হবে।
এবং সেই রিপোর্ট জাতীয় মহিলা কমিশনে পাঠাতে হবে ৩ দিনের মধ্যে। এর আগে সিপি মনোজ ভর্মার কাছেও রিপোর্ট তলব করেছিল জাতীয় মহিলা কমিশন।







